ব্যাপক ভাংচুর, লুটপাট ও দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শাহজাদপুরে নিহত ১, আহত ৩০ sirajganj news24
ব্যাপক ভাংচুর, লুটপাট ও দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শাহজাদপুরে নিহত ১, আহত ৩০
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচর কৈজুরি গ্রামে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দুপক্ষের হামলা সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত গোঞ্জের আলী খাঁ (৬০) পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খাঁর ছেলে।
আহতরা হলেন মামুন (২২), শফিকুল (৩৫), আইয়ুব আলী (৪৫), রেবা খাতুন (৪০), রঞ্জিতা (১৮), ছবি খাতুন (৫০), আমেনা খাতুন (৫৫), আনোয়ারা (৬৫), নাসিমা খাতুন (৩৫), আবু বক্কার (১৩), ইয়ামিন (২০), চম্পা (৩৫), আয়শা (৩৫), ঊর্মি (২০), কালু (২৪), সাইফুল (৩০), মনি (২৬), কামাল (১৭), রেজিনা (৪০) ও আমিরুল (২২)।
এলাকাবাসী জানায়, প্রায় আধঘণ্টাব্যাপী এ হামলা-সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারী-পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, হাঁসুয়া, রামদা, ঢাল, সর্কি নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ছয়টি বাড়িঘর ভাঙচুর ও ধান, চাল, গরু, ছাগল ও আসবাবপত্র লুটপাট করা হয়। এ সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ হামলা সংঘর্ষে কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের গোঞ্জের আলী খাঁ ওই ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল গফুর প্রামাণিক গ্রুপের লোকের ফালা ও হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের নাসিমা, আয়শা, সাইফুল, রেজিনা বলেন, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল গফুর প্রামাণিক গ্রুপের লোকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে গোঞ্জেরকে ফালা ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।
এ বিষয়ে ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল গফুর প্রামাণিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পক্ষেও কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি।


No comments